চকরিয়ায় বনের ভেতরে হাতি হত্যা করে মাটিচাপা, ঘটনা ধামাচাপা দিতে তার ওপরেই ঘর নির্মাণ
কক্সবাজারের চকরিয়ায় বনের গভীরে একটি বন্য হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে রেখে তার ওপর ঘর নির্মাণের চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত বনবিভাগের কাছে ধরা পড়ে যায় এই নিষ্ঠুরতা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বনবিভাগ, পুলিশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মাটির নিচ থেকে হাতিটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর ও করিম্মা কাটার ঘোনা এলাকার বনের গভীরে প্রায় এক মাস আগে আনুমানিক ১০ বছর বয়সী একটি বন্য হাতিকে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন রাখতে হাতিটির মরদেহ মাটিতে পুঁতে তার ওপর একটি ছোট কাঁচা ঘর নির্মাণ করা হয়।
স্থানীয়দের মতে, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা বনবিভাগকে খবর দেন। পরে টহল দল গিয়ে ঘটনাটি নিশ্চিত করে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, “মাটির নিচ থেকে হাতিটিকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটিকে গুলি করে অথবা বিদ্যুৎ প্রবাহ (ইলেকট্রিক শক) দিয়ে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।