চকরিয়ায় কয়লার আগুনে দগ্ধ হয়ে দুই হাফেজ সহোদরের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই কোরআনের হাফেজ সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বসতবাড়িসহ সর্বস্ব হারিয়েছে পরিবারটি।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৩)। তাদের মধ্যে ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।
স্থানীয়,পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাতে ঘুমানোর আগে দুই ভাই স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার চেষ্টা করে। পরে আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে ছড়িয়ে পড়লে ঘরে আগুন ধরে যায়। এতে দুই ভাই আগুনের মধ্যে আটকা পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ওমর ফারুক। আর গুরুতর দগ্ধ অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম।
দুই হাফেজ সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থসহ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।