টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা , উদ্ধার ৫ জন
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে পাঁচজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে পাচারচক্রের সদস্যরা।
সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ লম্বরী নৌঘাট দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়কের নির্দেশনায় রাতে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে কৌশলগত অবস্থান নেয়।
টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকাকে ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করে বিজিবি।
একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি আবার সমুদ্রের দিকে চলে যায়। একই সময়ে সমুদ্রতীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসার কথা জানান।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহাম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মানব পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
উদ্ধার হওয়া পাঁচজনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।