সারা দেশ

নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগ জানিয়েছেন তিনি। একই দাবি করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।

নুসরাত তাবাসসুমের পোস্ট অনুযায়ী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

ঘটনার পরও নিজের অবস্থান থেকে সরে না আসার কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে, সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ক্যাটাগরি