জামিনে মুক্তি পেলেন সাইবার মামলায় গ্রেপ্তার ৬ চীনা নাগরিক
সাইবার মামলায় গ্রেপ্তার ছয় চীনা নাগরিক কক্সবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাঁরা কারাগার থেকে বের হন।
এর আগে একই দিন দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী এম এ মন্নান জানান, মামলায় ব্যবহৃত আইন পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় ছয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত।
গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেসের সামনে থেকে ওই ছয় চীনা নাগরিককে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনানী ও হিমছড়ির বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে রামু থানায় সাইবার মামলা করা হয়। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছিল। প্রায় দুই মাস কারাভোগের পর বুধবার জামিনে মুক্তি পেলেন তাঁরা।