আর্ন্তজাতিক

ছিনতাইয়ের সংকেত,মাঝ আকাশে গতিপথ বদল এয়ার ইন্ডিয়ার বিমানের, জরুরি অবতরণ

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের সংকেত পাওয়ার পর সেটিকে জয়পুরে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় উড়োজাহাজটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেটিকে পৃথক স্থানে নিয়ে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। যাত্রী ও ক্রুদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটির ফ্লাইট নম্বর এআই২০৩০। ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর উড়োজাহাজটি থেকে ‘স্কোয়াক ৭৫০০’ সংকেত পাঠানো হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সংকেত সম্ভাব্য ছিনতাই বা উড়োজাহাজে বেআইনি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। সংকেত পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করা হয়।

জয়পুরে অবতরণের পর উড়োজাহাজটিকে বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন স্থানে রাখা হয়। সেখানে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), স্থানীয় পুলিশ এবং বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালান। যাত্রীদেরও নিরাপত্তার আওতায় নির্ধারিত স্থানে নেওয়া হয়।

তবে উড়োজাহাজে প্রকৃতপক্ষে ছিনতাইয়ের কোনো চেষ্টা হয়েছিল কি না, কিংবা কী কারণে ‘স্কোয়াক ৭৫০০’ সংকেত পাঠানো হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক প্রতিবেদনে সংকেতটি ভুলবশত সক্রিয় হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হলেও, ঘটনার কারণ জানতে তদন্ত চলছিল।

ক্যাটাগরি