নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমানটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জানান, দুর্ঘটনায় বিমানটির ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।
বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানটি এডো রাজ্য থেকে লাগোসের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৯টার দিকে ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় যাওয়ার পথে রাডার থেকে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল ‘এটিআর-৪২’ মডেলের। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা নৌকায় করে দুর্ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছেন। এ সময় নদীর তীরে স্থানীয়দের একটি ছোট দলকে জড়ো হতে দেখা যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, বিমানটি গাছপালা অতিক্রম করে যাওয়ার পর সেখানে মানুষের দেহাংশ, কাপড় ও জুতা পড়ে থাকতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।