ঢাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এসব সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে মনিটরিং সেলের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।