টেকনাফের রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান, পিস্তল-গুলিসহ অস্ত্র উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ নভেম্বর) সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত আভিযানিক দল অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে সংঘটিত গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত, মাদক কারবারি ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র ডাকাত ও মানবপাচারকারী চক্রের অপতৎপরতা দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টেকনাফ সীমান্ত ও উপকূলীয় এলাকায় ডাকাতি, মাদক কারবার এবং মানবপাচারের মতো অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।