চকরিয়া থানার আওতা কমিয়ে কোনাখালীর ইউনিয়নের বটতলীতে মাতামুহুরী থানা স্থাপনের সিদ্ধান্ত নিকার
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক কাঠামোয় যুক্ত হচ্ছে নতুন থানা। চকরিয়া থানা বিভক্ত করে পৃথক ‘মাতামুহুরী থানা’ স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। নতুন থানা চালু হলে উপজেলার বাসিন্দাদের পুলিশি সেবা পাওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, চকরিয়া থানা বিভক্ত করে নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
নতুন থানা প্রতিষ্ঠার ফলে মাতামুহুরী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোর বাসিন্দাদের পুলিশি সেবা নিতে চকরিয়া সদরে আসার ভোগান্তি কমবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “মাতামুহুরী থানা স্থাপনের অনুমোদন এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন থানা চালু হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।”
নতুন থানা স্থাপনের অনুমোদনকে মাতামুহুরী উপজেলার প্রশাসনিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থানার কার্যক্রম চালু করা হবে।