শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।