রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, বেড়েছে শীতের তীব্রতা

কক্সবাজার সংবাদ

পর্যটন জেলা কক্সবাজারে আজ মঙ্গলবার চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইতে থাকায় পুরো জেলাজুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি হলেও প্রবল শীতল বাতাসের কারণে অনুভূত ঠান্ডা অনেক বেশি। ফলে সকাল ও রাতের সময় শীতের প্রকোপে সাধারণ মানুষ, বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দারা কষ্টে পড়ছেন।

এর আগে সোমবার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও পার্বত্য জেলা বান্দরবানে আরও কম তাপমাত্রা রেকর্ড করা হয়। ওইদিন টেকনাফে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বান্দরবানে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকার চেয়েও কম।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ কক্সবাজারে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে জেলার সর্বনিম্ন। বাতাসের গতি বেশি থাকায় ঠান্ডার অনুভূতিও বেড়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, আগামী কয়েকদিন কক্সবাজারসহ আশপাশের এলাকায় শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ভোর ও রাতের দিকে শীত আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ক্যাটাগরি