আওয়ামী লীগ ভারতীয় দল, সরকার ভারতীয় সেবাদাস ছিলো: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শাসন চালিয়ে শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছেন এবং দেশের মানুষের অধিকার হরণ করেছেন। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ ১৫-১৬ বছর এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি পতিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে নিজের নিরাপদ আশ্রয় নিয়েছেন দিল্লীতে। তিনি ভারতীয় দলে আশ্রয় নিয়েছিলেন এবং কখনো বাংলাদেশকে স্বাধীনভাবে স্বীকৃতি দেননি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে দেশের মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের রাজনৈতিক ও ধর্মীয় অধিকার হরণ করেছে। আলেম সমাজের ওপর নির্যাতন চালানো এবং হত্যার ঘটনা তার প্রমাণ।
তিনি আরও উল্লেখ করেন, রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছিল এবং নিরীহ মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়েছিল। তবে সব প্রলয়-পীড়ার বিপরীতে জনগণ আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করেছে। সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামীতে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে জনগণ ইতিমধ্যেই সংকেত দিয়েছে।”
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজি। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ সিনিয়র নেতৃবৃন্দ।