ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলম (৪৮) কে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন-২ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
দুদক চট্টগ্রাম-২ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন জানান, একই কার্যালয়ের সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ বকেয়া ভাতা ও পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজে হয়রানি ও ঘুষ দাবির বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুদক, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহ আলমকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযোগকারী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ জানান, চাকরি থেকে অবসরের পর তার ফাইল ট্রেজারিতে পাঠানোর জন্য শাহ আলম ‘অফিস খরচ’ বাবদ প্রথমে ৯০ হাজার টাকা দাবি করেন। হয়রানি থেকে মুক্তি পেতে তিনি ব্যাংক চেকের মাধ্যমে আগেই ৭০ হাজার টাকা পরিশোধ করেন। পরে বাকি টাকা দেওয়ার সময় দুদকের সহায়তায় অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়।
দুদক জানিয়েছে, সরকারি দপ্তরে ঘুষ ও হয়রানির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।