খাসি বলে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা, অতঃপর…
ফাঁদ পেতে শিয়াল ধরে জবাই করে সেই মাংস খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন আশরাফুল ইসলাম নামে এক কসাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে।
মঙ্গলবার বিকেলে হরিপুর বাজারে মাংস বিক্রি করতে গেলে মাংসের অতিরিক্ত লাল রঙ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফুল স্বীকার করেন যে, এটি খাসির নয়—শিয়ালের মাংস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাংস উদ্ধার করে এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে তা মাটিতে পুঁতে ফেলা হয়। এরই মধ্যে অভিযুক্ত কসাই এলাকা থেকে পালিয়ে যান।
আশরাফুল ইসলাম হরিপুর আফজালপাড়া গ্রামের আশু কসাইয়ের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি বাড়ির পাশে ফাঁদ পেতে শিয়াল ধরেন এবং পরে সেটি নিজেই জবাই করে বাজারে বিক্রি করতে নিয়ে আসেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিয়ালের মাংস উদ্ধার করেছে, তবে অভিযুক্ত কসাই পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার করা মাংসটি শিয়ালের—এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সূত্র: যুগান্তর