জাতীয়

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

-আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক অবস্থানকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোকসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে এবং এই বাস্তবতাই প্রমাণ করে জনগণের ভালোবাসা কার প্রতি রয়েছে। তার ভাষায়, এক সময় যখন খালেদা জিয়া বন্দি ছিলেন তখন তার পক্ষে প্রকাশ্যে কথা বলার লোক খুব কম ছিল, অথচ আজ পরিস্থিতি বদলেছে।

তিনি বলেন, বেগম জিয়া যখন প্রশ্ন করেছিলেন ‘আমি কি এতিমের টাকা মেরে খেয়েছি’, তখন সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করে বলা হয়েছিল তিনি নাকি দোষ স্বীকার করেছেন। এটি ছিল আমাদের আইনি ব্যবস্থার এক নিকৃষ্ট উদাহরণ। তখন আমরা মাত্র চারজন এই রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়ে দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু চারজনের কণ্ঠ তখন কেউ শুনতে চায়নি।

বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থান তুলনা করে তিনি বলেন, আজ আমাদের ভালো লাগে যে আমরা সবাই মুক্তভাবে বেগম জিয়াকে স্মরণ করতে পারছি। এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর একজনের ঠাঁই হয়েছে দেশের বাইরে।

দেশের সামগ্রিক কল্যাণের জন্য খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও ভূমিকার গুরুত্ব তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থেই তার আদর্শকে মূল্য দিতে হবে।

ক্যাটাগরি