শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।
এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। ওই দিন ড্যাবের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
রিজভী আরও বলেন, বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।
তিনি জানান, ১৯ জানুয়ারি জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও দিনটি উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ১৯ জানুয়ারি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।
রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।