‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না’
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
শনিবার বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় স্থানীয় নোয়াগাঁও গ্রামে আয়োজিত ওই সভায় কোনো ব্যানার, ফেস্টুন বা মাইকের ব্যবহার ছিল না। সভাস্থলে পৌঁছালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান তাকে মঞ্চ ত্যাগ করার নির্দেশ দেন। তবে রুমিন ফারহানা বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করলে উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে সতর্ক করার ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, এক্সকিউজ মি স্যার… দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ। আমি আর এ কথা মেনে নেব না।” পরে তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলেন এবং বলেন, “আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।
এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তার এক সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে সভাস্থল ত্যাগ করতে বলা হয়েছিল। উক্ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বলেন, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারায় একজনকে জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রুমিন ফারহানা বলেন, আমি আশা করব প্রশাসন ও পুলিশ নির্বাচনে নিরপেক্ষ আচরণ করবে। কোনো পক্ষ হয়ে কাজ করবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করলেও সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে।