বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

মাতারবাড়ি থানা নামে কক্সবাজারে হচ্ছে নতুন থানা

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ নামে আরও দুটি নতুন থানা স্থাপন এবং নরসিংদীর রায়পুরা উপজেলাকে বিভক্ত করে একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

স্থানীয়দের মতে, মাতারবাড়ি থানা প্রতিষ্ঠিত হলে সেখানে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বৃহৎ শিল্প ও অবকাঠামো প্রকল্প ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। পাশাপাশি মহেশখালীর উত্তরাংশের মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন থানা স্থাপনের সিদ্ধান্তকে এলাকাবাসী উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

ক্যাটাগরি