বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নির্বাচনী সংঘাত নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের গভীর উদ্বেগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের মতে, এসব ঘটনা জননিরাপত্তা, মানবাধিকার এবং নির্বাচন নিয়ে জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিকদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়বে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অপরিহার্য।

জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ভোট দেওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হওয়া উচিত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। কোনো অবস্থাতেই সংঘাত, ভয়ভীতি বা পেশিশক্তির মাধ্যমে জনগণের অধিকার হরণ গ্রহণযোগ্য নয়।

সব ধরনের সংঘাত নিরসনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে কমিশন। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটাধিকার নির্বিঘ্নে নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ পরিহার করে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী ও কর্মীদের সংযত ও দায়িত্বশীল আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে, এতে সাধারণ মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সৃএ: ঢাকা পোর্স্ট

ক্যাটাগরি