বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই দায়িত্ব পালন করবেন। বঙ্গভবন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তাকে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি ব্যাখ্যা করেন, সাধারণত নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবার ভিন্ন পদ্ধতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। তার আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ফলে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়।

আইন উপদেষ্টা জানান, সংবিধান অনুযায়ী স্পিকার শপথ গ্রহণ করান, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করেন। তারা কেউ দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন, যা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে নির্ধারিত হয়। এছাড়া তিন দিনের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়ানোর বিধান রয়েছে।

অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। পরদিন বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দল বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন মহামান্য রাষ্ট্রপতি।

ক্যাটাগরি