বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে বিমান হামলা জোরদার করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, তাদের অভিযানে এখন পর্যন্ত আফগানিস্তানের ২২৮ জন সেনা নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে এবং অতিরিক্ত ১৮টি চৌকি দখল করেছে পাকিস্তানি বাহিনী।

তবে আফগান তালেবান সরকারের দাবি ভিন্ন। তাদের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। উভয় পক্ষের এই পরস্পরবিরোধী দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–এর সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, শুক্রবার দুপুরের পরও সীমান্তে তীব্র সংঘর্ষ চলছিল। একদিকে পাকিস্তান বিমান হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে আফগানিস্তানের ভেতর থেকেও পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, সীমান্তজুড়ে চলমান এই সংঘর্ষ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

ক্যাটাগরি