১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ১০ মার্চ বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উপস্থিতিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে এ প্রকল্পের কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসককে সভাপতি করে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও মনিটরিং ও বাছাই কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন। প্রতিটি পরিবার থেকে একজন নারী সদস্য কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন, যাতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিত করা যায়।
প্রাথমিকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময়ের ফলাফল মূল্যায়ন করে ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পরিবারের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে।