৩ মার্চ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’
আগামী মঙ্গলবার (৩ মার্চ) আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য-পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ ধারণ করবে লালচে তামাটে রং, যা ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামে পরিচিত। ২০২৬ সালে এটিই হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পরবর্তী এমন দৃশ্য দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ৩ মার্চ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ ঘটবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫। রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের বেরিয়ে আসার মাধ্যমে গ্রহণ সম্পূর্ণ শেষ হবে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। ফলে সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত সূর্যের আলোর লাল অংশ চাঁদের ওপর পড়ে। নীল আলো বেশি বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে যায়, আর লাল তরঙ্গদৈর্ঘ্য চাঁদের পৃষ্ঠে পৌঁছে সেটিকে লালচে আভা দেয়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক কারণ কাজ করে বলে জানিয়েছে NASA।
কেন্দ্রীয় গ্রহণের গতিপথ হবে উত্তর প্রশান্ত মহাসাগরে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এছাড়া কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগর অঞ্চলেও এটি স্পষ্টভাবে দেখা যাবে।
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণের শেষাংশ দেখা যাবে। বিভাগীয় শহরগুলোর সময়সূচি অনুযায়ী—ঢাকায় সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড, চট্টগ্রামে বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড, সিলেটে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড, রাজশাহীতে সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড, খুলনায় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড, বরিশালে সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড, ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড এবং রংপুরে সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণের দৃশ্যমান অংশ শুরু হবে।
জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় আকাশঘটনা।