জাতীয়

পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সুইজারল্যান্ডের আগ্রহ

বাংলাদেশের পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বুধবার (৪ মার্চ) ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের পল্লী উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় রাষ্ট্রদূত মন্ত্রীকে অভিনন্দন জানান এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ড একটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। বর্তমান সহযোগিতার পরিধি ভবিষ্যতে আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সুইস প্রতিনিধি দলকে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পল্লী উন্নয়ন কার্যক্রম, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কূটনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও বেগবান হবে।

ক্যাটাগরি