শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যোগ দেবে ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে। রোববার (৮ মার্চ) ইতালির সংবাদপত্র করিয়েরে ডেলা সেরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

শনিবার টেলিফোনে ইতালির ওই পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে “একজন মহান নেতা” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, “আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু।”

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ইরানের হামলার পর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় যুদ্ধজাহাজ সাইপ্রাসের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সামরিক প্রস্তুতি এবং সমন্বয় জোরদার করা হচ্ছে। ইতালির সম্ভাব্য সামরিক সহায়তা সেই কৌশলগত প্রস্তুতিরই অংশ বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

ক্যাটাগরি