শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে প্রত্যাবাসন কবে শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত পাঁচ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার। এ বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

তিনি বলেন, “অনেকে বলেন রোহিঙ্গাদের ফেরত পাঠান। কিন্তু কোথায় ফেরত পাঠাব? মিয়ানমার তো এতদিন তাদের নিতে চাইত না। মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। এখন তারা প্রথম ধাপে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, আঞ্চলিক শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এছাড়া ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বহু রোহিঙ্গা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়ও আশ্রয় নিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়া এ অঞ্চলের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর আশ্রয়দাতা দেশগুলোর মধ্যে অন্যতম।

ক্যাটাগরি