শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ২ জন জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন সঞ্জয় শাহ ও কবির মহর্জন।

নেপাল সেনাবাহিনীর উদ্ধারকারী দল মাটির প্রায় ১৭০ মিটার গভীরে আটকে থাকা সুড়ঙ্গ থেকে তাঁদের নিরাপদে বের করে আনে। কাদায় মাখামাখি অবস্থায় সঞ্জয় শাহকে কাঁধে করে বের করে এনে প্রাথমিক চিকিৎসার জন্য ত্রিশূলি সেনা ব্যারাকে নেওয়া হয়।

গত সপ্তাহে নেপাল-চীন তিব্বত সীমান্তবর্তী এলাকায় গলিত হিমবাহ ধসে পড়ার পর তীব্র স্রোতে কাদা, পাথর ও পানি নেমে এসে ত্রিশূলি নদীর উপত্যকা প্লাবিত হয়। এতে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাওয়ার পর দ্রুত অভিযান জোরদার করেন। তবে সেখানে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

২৬ আগস্টের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ২৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ২৭০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হলেও প্রায় ৯০০ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন সুড়ঙ্গে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটাগরি