মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। ভূমিকম্পে হাজারো পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, দেশটির শিন্দো কম্পনমাত্রা স্কেলে কম্পনের তীব্রতা সর্বোচ্চ সাত মাত্রায় পৌঁছায়। একই সঙ্গে সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সম্ভাব্য ওই উচ্চতার ঢেউ ইতোমধ্যেই উপকূলে আঘাত হেনে থাকতে পারে। ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পরও আফটারশক অনুভূত হচ্ছিল বলে সরাসরি সম্প্রচারে জানান স্থানীয় এক সংবাদকর্মী। তিনি বলেন, কম্পন এতটাই প্রবল ছিল যে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল।

জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তাৎক্ষণিকভাবে অস্বাভাবিক কিছু শনাক্ত হয়নি। কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, কুমামোতো অঞ্চলে প্রায় ৪৫ হাজার পরিবার ও স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের চালু থাকা তিনটি পারমাণবিক চুল্লি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপানে প্রতিবছর শত শত ভূমিকম্প অনুভূত হয়। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই দেশটিতে সংঘটিত হয়।

ক্যাটাগরি