রামুতে অপহরণের দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণে কৃষকের মুক্তি
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮) অপহরণের দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অবশেষে নিজ বাড়িতে ফিরেছেন।
জানা যায়, গত রোববার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি এলাকা থেকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। সীমান্তবর্তী লংগদুরমূখ এলাকায় তামাক ও সবজির চাষাবাদ শেষে বাড়ি ফেরার পথে তিনি অপহরণকারীদের কবলে পড়েন।
বুধবার সকালে নিজ বাড়িতে ফিরে ভুক্তভোগী মিন্টু জানান, ৫ জন বাঙালি ও ৪ জন উপজাতীয় সন্ত্রাসী মিলে তাকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং শারীরিক নির্যাতন চালানো হয়।
অপহরণের পর দুর্বৃত্তরা প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষির মাধ্যমে ৮ লাখ টাকায় সমঝোতা হলে পরিবারের পক্ষ থেকে সেই টাকা প্রদান করা হয়। মিন্টুর ভাষ্য অনুযায়ী, তার বোনের স্বামী ছুরুত আলম স্বর্ণালংকার বিক্রি ও আত্মীয়-স্বজনের সহায়তায় মুক্তিপণের টাকা জোগাড় করেন।
মুক্তি পাওয়ার পর মঙ্গলবার রাতে তিনি বাড়িতে ফিরে আসেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী জানান, অপহরণকারীদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।