দেশের উন্নয়নে বিশ্বব্যাংক সহযোগিতা অব্যাহত রাখবে, আশা স্থানীয় সরকার মন্ত্রীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জিন পেসমি’র নেতৃত্বে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী। তিনি এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ইতোমধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
এ সময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারভুক্ত খাতগুলোতে সহযোগিতা আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।