সারা দেশ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

নওগাঁর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুস সালাম স্থানীয় নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বুধবার সন্ধ্যায় বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয় চলাকালে চতুর্থ শ্রেণিকক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী গান গাইছিল। গানের শব্দ শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ হন। এরপর একটি বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে শ্রেণিকক্ষে উপস্থিত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আহত হয়। আহতদের মধ্যে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থী রয়েছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার ও আব্দুর রহমান জানায়, আর্জেন্টিনা স্পেনের কাছে পরাজিত হওয়া নিয়ে তারা কয়েকজন মিলে ব্যঙ্গাত্মক গান গাইছিল। এ সময় শিক্ষক এসে রেগে গিয়ে তাদের মারধর করেন।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের ঘটনার শিকার না হয়, সেজন্য অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমাপ্রার্থী। বিষয়টি অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, ঘটনাটি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ক্যাটাগরি