লঘুচাপের প্রভাবে কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি, দমকা হাওয়া এবং বৈরী আবহাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।