বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

শেয়ার জালিয়াতির অভিযোগ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। শনিবার (২৫ জুলাই) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির সঙ্গে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ইসলামী ব্যাংকের শেয়ার কেনার অর্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ সময় ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও তদন্তে উঠে এসেছে।

বিএফআইইউর প্রতিবেদনের ভিত্তিতে পুরো ঘটনার অনুসন্ধান, তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ২০২৫ সালে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায়ও ঢাকার একটি আদালত দুদককে তদন্তের নির্দেশ দিয়েছিল।

ক্যাটাগরি