সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল

মিশরে সোমবার ভোরে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব প্রতিবেশী ইসরাইলের দক্ষিণাঞ্চল ও ডেড সি এলাকাতেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স (এনআরআইএজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে। প্রতিষ্ঠানটির হিসাবে এর মাত্রা ছিল ৫.৬।

ভূমিকম্পের পর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যেসব প্রদেশে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়া কার্যক্রম চালু করেছে মিশর রেড ক্রিসেন্ট। সংস্থাটি ভবনে কাঠামোগত ক্ষতির লক্ষণ দেখা গেলে সেখানে অবস্থান না করার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫.৪ বলে জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর ইসরাইলের অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পৌঁছে যায়। ওই বার্তায় রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্পের উল্লেখ ছিল।

তবে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশটির জন্য নতুন কোনো ভূমিকম্প সতর্কতা জারি করা হয়নি। তাদের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনাই উপদ্বীপ এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্যাটাগরি