মহেশখালীতে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী আলমগীরের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আলমগীর (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব জাগিরাঘোনা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু আলমগীর। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলাম আরিফ জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এদিকে, অবুঝ শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পূর্ব জাগিরাঘোনা এলাকাজুড়েও নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ের পাশে শিশুদের একা খেলতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।