বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

আজ ৫ আগস্ট, যা অনেকের কাছে ‘৩৬ জুলাই’ নামে পরিচিত। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আজ সারাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তার বাণীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের চেতনায় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন, এই অর্জনের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।

আজ দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকালে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দেশের সব জেলায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সরকারি হাসপাতাল, শিশু পরিবার ও কারাগারে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থাও রয়েছে।

দিবসটি উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে বিভিন্ন মহল থেকে গণতন্ত্র, ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

ক্যাটাগরি