সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত, ১৩ জনই নওগাঁর
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার দুপুর আনুমানিক ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত সবাই বাংলাদেশি।
অগ্নিকাণ্ডে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
নিহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ ও সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।
এ ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক জানিয়েছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছেন।