শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

শাপলাপুরের মিঠাছড়িতে পুলিশের অভিযান, অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ, আটক ২

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মিঠাছড়ি ও মৌলভীকাটা এলাকায় বিভিন্ন বাড়িতে অভিযান পরিচালনা করে মহেশখালী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালী এলাকার রহমত উল্লাহর বিরুদ্ধে শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন দোকান ও বাড়িঘর থেকে চুরির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাকে মিঠাছড়ি এলাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ চুরি করা বিভিন্ন মালামাল মিঠাছড়ি এলাকার কয়েকজন ব্যক্তির কাছে জমা রাখতেন বলে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মিঠাছড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানের একপর্যায়ে মোতাহেরা নামে এক নারীর বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় রহমত উল্লাহ ও শাবনুর নামে এক নারীকে আটক করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুরি করা মালামাল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে পাওয়া অর্থ মাদক সেবনে ব্যয় করতেন বলেও তিনি পুলিশকে জানিয়েছেন।

ওসি আরও জানান, রহমত উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা মিঠাছড়ি এলাকায় মাদক বিক্রি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছেন। তাদের দাবি, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর ফলে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে স্থানীয় বাসিন্দাদের এসব অভিযোগের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ক্যাটাগরি