জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকার, রোহিঙ্গা সংকট ও অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, বৈঠকে ইউএনজিএ সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারমূলক বিষয়গুলো জানতে চান সারাহ কুক। পাশাপাশি বহুপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের চলমান সহায়তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন তারা। বিশেষ করে মানবিক ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের অব্যাহত যোগাযোগের বিষয়টি বৈঠকে উঠে আসে।
ব্রিটিশ হাইকমিশনের বার্তায় বলা হয়, বৈঠকটি বহুপাক্ষিক বিষয়, মানবিক সহায়তা ও অভিবাসন সহযোগিতায় ঢাকা ও লন্ডনের চলমান যোগাযোগের প্রতিফলন।