সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বুধবার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল লিংক রোডের একটি পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাছনকে গ্রেপ্তার করে। তিনি মুহুরীপাড়া বিসিক এলাকার শহীদুল্লাহ কালুর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, লিংক রোড এলাকায় সোলাইমান ধলুকে (৪৫) প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়রা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলার বিচারিক কার্যক্রমের একপর্যায়ে আদালত হাছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর হাছনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি