সারা দেশ

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা

জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়। কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারেন না।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের জন্য মানুষ হাহাকার করছে এবং গ্যাসের সংকট রয়েছে। অথচ নির্বাচনের সময় এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাঁর দাবি, সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, ‘যারা চাকরি করছেন, তাদের চাকরি কত দিন থাকবে, আল্লাহ জানে।’

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তোলেন সাবেক বিএনপি নেত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই অগ্রাধিকারের মধ্যে আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতে নিশ্চয়তা দেওয়ার বিষয় রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ‘মুশকিল’ হয়। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, নয়তো ‘বাক্‌চাতুর্য দিয়ে পুরো বিষয়টি ঢেকে দিতে চান’।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যায়। এ প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে বলেন, ‘বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না।’

ক্যাটাগরি