শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। এসব অস্ত্রের সন্ধান বা তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি।

সভায় দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক অপরাধের ধরন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিভিন্ন সময়ে লুট হওয়া অস্ত্র এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট কাজ করবে। অস্ত্রের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে গুরুত্ব অনুযায়ী ১০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সভায় পুলিশ কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজন ও সমস্যার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা আরও বাড়ানোর দাবি জানানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হবে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন এবং তথ্যদাতাদের আর্থিক পুরস্কারের ঘোষণা পুলিশের অস্ত্র উদ্ধারের কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অবৈধ অস্ত্রের উৎস, ব্যবহারকারী ও সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ক্যাটাগরি