শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠির বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও এ দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি সব সময় মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ বিমান বহরের জন্য উড়োজাহাজ কেনার উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্রাম্পের এই চিঠিকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য আস্থা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর আশাবাদ দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

ক্যাটাগরি