শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে ১ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।

বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের অংশে এ দুর্যোগে ১ হাজার ২০৪ জন নিহত এবং ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে সীমান্তের তিব্বত অংশে নিহত হয়েছেন ২১ জন। সেখানে এখনো নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। দুই অঞ্চল মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৭৫৭।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পরিমাণ পানি ও পাথর জমে বাঁধ ভেঙে যায়। পরে সেই প্রবল স্রোত ভোতে কোশি বা ত্রিশূলী নদীতে নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

নেপালের তিনটি জেলা এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তোড়ে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি বিভিন্ন স্থাপনা ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ প্রকল্পও।

পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র এবং ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ মানুষের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: হিন্দু

ক্যাটাগরি