সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ
২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন শিশু।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশুর নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জন উদ্ধার হলেও ৬৮ জন এখনো নিখোঁজ। আর ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ শিশুর নিখোঁজের জিডি হয়েছে। তাঁদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ।
পুলিশ জানিয়েছে, ছোট শিশুদের ক্ষেত্রে পথ হারানোসহ বিভিন্ন কারণে নিখোঁজের ঘটনা ঘটে। আর কিশোর-কিশোরীদের ক্ষেত্রে পারিবারিক কলহ, অভিমান, পড়াশোনার চাপ, বন্ধুদের প্রভাব, স্বাধীনভাবে থাকার আকাঙ্ক্ষা ও অন্যান্য কারণে বাড়ি ছাড়ার ঘটনা দেখা যায়।
পুলিশ সদরদপ্তর বলছে, শুধু নিখোঁজের সংখ্যা প্রকাশ করলে প্রকৃত পরিস্থিতি পুরোপুরি বোঝা যায় না। কতজন উদ্ধার হয়েছে এবং কতজন এখনো নিখোঁজ—এই তথ্যও বিবেচনায় নেওয়া জরুরি। পাশাপাশি অনলাইন জিডি চালু হওয়ায় নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যাও বেড়েছে।