বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

অনলাইন প্রতারণা: দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয় চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০ থেকে ৪০টি ল্যাপটপ এবং বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রী জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রামু থানায় দায়ের করা একটি অভিযোগ এবং ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধসংক্রান্ত মামলা হয়েছে। তবে তাঁদের পরিচয় ও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

এদিকে পুলিশের একটি সূত্রের দাবি, কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেলে প্রায় ২০০ থেকে ৩০০ চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন—এমন অভিযোগ রয়েছে। তাঁদের আটকেও অভিযান চলছে বলে সূত্রটি জানিয়েছে। তবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের সম্পৃক্ততা বা তাঁদের কথিত কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল সেখানে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে ওই দলের কয়েকজন আটক হন। তবে তাঁরা কী উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

ক্যাটাগরি