১৯৬ মিলিমিটার বৃষ্টির পর কক্সবাজার সৈকতে হাজারো পর্যটকের ভিড়
একদিনে ১৯৬ মিলিমিটার বৃষ্টির পর কক্সবাজার সমুদ্রসৈকতের তিনটি পয়েন্টে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে পর্যটকদের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর ছুটির দিনে হাজারো পর্যটকের ভিড়ে আবারও মুখর হয়ে উঠেছে সৈকত।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৯টার পর আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সৈকতে ছুটে আসেন পর্যটকরা। কেউ সমুদ্রস্নানে, কেউ টিউবে গা ভাসিয়ে আবার কেউ জেড স্কিতে সাগরের রোমাঞ্চ উপভোগ করেন।
তবে ভারী বৃষ্টির ক্ষত এখনো রয়েছে সৈকতে। তিনটি পয়েন্টে সৃষ্টি হওয়া গর্তগুলোতে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকায় পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। মাইকিং করে পর্যটকদের সতর্ক করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থান থেকে তাঁদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে।
সি-সেফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মো. জহিরুল ইসলাম জানান, ভারী বৃষ্টির কারণে সৈকতের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। এ কারণে লাইফগার্ড কর্মীরা পর্যটকদের নিয়মিত সতর্ক করছেন। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এদিকে ছুটির দিনে পর্যটকদের বাড়তি চাপ দেখে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। হোটেল ব্যবসায়ীদের প্রত্যাশা, আগের বছরের তুলনায় এবার কক্সবাজারে পর্যটন মৌসুম আগেভাগেই জমে উঠবে।
বৃষ্টি থেমে সৈকতে ফিরেছে পর্যটকদের কোলাহল। তবে বৃষ্টিতে সৃষ্টি হওয়া গর্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত নিরাপদ করা গেলে পর্যটকদের আনন্দ আরও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।