দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংসদ সদস্য রেজা আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনগণের ওপর মাথাপিছু ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বাড়ানো, সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আনার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, কর ও কর-বহির্ভূত রাজস্বের পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারের নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে ঋণের প্রয়োজনীয়তা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ও কম অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণ করে সরকারি ব্যয় আরও সাশ্রয়ী ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারি ঋণের সুদের হার ও পুনর্বিত্তায়ন ঝুঁকি কমাতে বাজারভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ ঋণ ব্যবস্থাপনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে বাজার পরিস্থিতি ও প্রচলিত সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে সরকারের উচ্চ ঋণের ওপর নির্ভরতা ও সুদ ব্যয়ের চাপ কমানোর পাশাপাশি ভারসাম্যপূর্ণ ঋণ পোর্টফোলিও গড়ে তোলা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী।
এ ছাড়া অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ গ্রহণ এড়াতে প্রতিবছর ‘বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা’ প্রণয়ন এবং তা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।