সারা দেশ

চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়

খুলনায় বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতনের পর জোর করে ভাত, মোবাইল ফোন ও টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল। সেই বক্তব্যের ভিডিও ধারণের পর পুলিশে দেওয়ার ভয় দেখানো হলে আতঙ্কে চারতলার ছাদ থেকে পাশের তিনতলায় লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

আজমুল হত্যা মামলায় গ্রেফতার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেন (২৮) জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আসিফ জানিয়েছেন, চাকরিতে যোগ দেওয়ার আগে বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলসংলগ্ন একটি ভবনে যান তিনি। সেখানে গিয়ে আজমুলকে কয়েকজনের মারধরের শিকার হতে দেখেন।

একপর্যায়ে আজমুলকে চারতলার ছাদে নিয়ে আবারও মারধর করা হয়। তাকে দিয়ে ভাত, মোবাইল ফোন ও টাকা চুরির কথা স্বীকার করানোর চেষ্টা করা হয় এবং সেই বক্তব্য ভিডিও করা হয়। পরে পুলিশে দেওয়ার হুমকি দিলে আজমুল পাশের তিনতলায় লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি।

আসিফ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, মেস ম্যানেজার মেহেদী ও ব্যাংক কর্মকর্তা হাসনাত হাবিব রিফাত ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এ ছাড়া জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল আজমুলকে বেশি মারধর করেন বলেও দাবি তার। তদন্তকারীরা আসিফের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের বয়ান, ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত যাচাই করছেন বলে জানিয়েছে এসআরবি।

এর আগে এ মামলায় হাবিব রিফাত, তারেক হাসান রুবেল ও প্রতাপ সরকারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজমুলের বাবা মো. কুতুব উদ্দীন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান চার শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেছেন।

ক্যাটাগরি